এবিএম মূসার মৃত্যুতে খালেদা জিয়ার শোক প্রকাশ
প্রবীণ সাংবাদিক এবিএম মূসার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার বেলা সোয়া ১টার দিকে রাজধানীর ‘ল্যাবএইড হাসপাতালে’ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৮৩ বছর বয়সী জনপ্রিয় এ সাংবাদিকের।
শোকবার্তায় খালেদা বলেন, “সাংবাদিকতার ক্ষেত্রে এবিএম মূসা ছিলেন একজন সাহসী, নির্ভিক ও নিরপেক্ষ কলম যোদ্ধা। তিনি তার লেখনীর মাধ্যমে মানুষের অধিকার আদায়ের শ্বাশ্বত বাণী নির্বিঘ্ন চিত্তে ফুটিয়ে তুলতে কখনোই দ্বিধাবোধ করেননি, মাথানত করেননি কোনো চাপের কাছে।”
“অন্যায়, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে তিনি ছিলেন সবসময় সোচ্চার কণ্ঠ। সাম্প্রতিককালে দেশের বর্তমান ক্ষয়িঞ্চু রাজনীতির প্রেক্ষাপট ও দুঃশাসনের বিরুদ্ধে বিভিন্ন টিভি চ্যানেল তথা গণমাধ্যমে স্পষ্ট ও জোরালো বক্তব্য রাখার কারণে তাকে ক্ষমতাসীনদের রোষানলে পড়তে হয়েছে,” বলেন তিনি।
স্বাধীনতাত্তোর বাংলাদেশের রাজনীতিতে অংশ নেয়া মূসার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিলেন।”
