চট্টগ্রাম ইপিজেডে বিদেশি কারখানায় ভাংচুর
শ্রমিকদের বদলি নিয়ে বাকবিতণ্ডার জের ধরে চট্টগ্রাম ইপিজেডে একটি বিদেশি কারখানায় ভাংচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম ইপিজেডের চার নম্বর রোডে অবস্থিত কোরিয়ান মালিকানাধীন এইচ কে ডি ইন্টারন্যাশনাল নামকত্রিপল কারখানায় এ ঘটনা ঘটে।
ইপিজেড থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানান, সকালে কারখানার এক ইনচার্জের সাথে শ্রমিকদের তর্কাতর্কির প্রেক্ষিতে উত্তেজনা তৈরি হয় এবং শ্রমিকরা ভাংচুর চালায়।
শিল্প পুলিশের এএসআই নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক শাখা থেকে অন্য শাখায় বদলি নিয়ে শ্রমিকদের সাথে কর্মকর্তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে এক শ্রমিককে থাপ্পড় মারে এক কর্মকর্তা।
এর জের ধরে বিভিন্ন শাখার শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করে ও ভাংচুর চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা কারখানার বিভিন্ন শাখার আসবাবপত্র, মেশিনারিজ, কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম ভাংচুর করে।
পরে ইপিজেড থানা ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসআই নজরুল বলেন, শ্রমিকদের সাথে মালিকপক্ষের সমঝোতা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
