কক্সবাজারে স্বর্ণ ব্যবসায়ীদের ধর্মঘট অব্যাহত
চকরিয়া উপজেলায় স্বর্ণ ব্যবসায়ীকে হয়রানীর প্রতিবাদে কক্সবাজার জেলা জুয়েলারি মালিক সমিতির ধর্মঘটে জেলার সব স্বর্ণের দোকান বন্ধ রয়েছে।
ধর্মঘটের পাশাপাশি মঙ্গলবার বেলা ১টায় কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন তারা।
তাদের দাবি, বিজিবি উদ্দেশ্যমূলকভাবে বৈধ স্বর্ণ ব্যবসায়ীকে হয়রানী করছে।
কর্মসূচিতে বক্তব্য দেন কক্সবাজার জুয়েলারি সমিতির সভাপতি ঝুন্টু ধর, সাধারণ সম্পাদক হাজী ওসমান গণি।
সোমবার চকরিয়ায় বিজিবি ও পুলিশ যৌথ অভিযানে ২৭ কেজি ৭৬৫ গ্রাম স্বর্ণালংকার, সাড়ে ১১ লাখ টাকাসহ ব্যবসায়ী মহাজন নন্দরাম ধর, তার দুই ছেলে পলাশ ধর ও সুমন ধরকে আটক করে।
এর প্রতিবাদে গত সোমবার থেকে কক্সবাজার জেলা জুয়েলারি মালিক সমিতি অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে।
মঙ্গলবার সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন আন্দোলকারীরা।
