নওগাঁ থেকে দূরপাল্লার বাস বন্ধ
বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সঙ্গে বিরোধের জেরে নওগাঁ সড়ক পরিবহন মালিক গ্রুপ সকল দূরপাল্লার বাস বন্ধ করে দিয়েছে।
এর ফলে রোববার রাত থেকে নওগাঁর সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীসহ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
নওগাঁর মোটর মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম জানান, সম্প্রতি বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শাহ ফতেহ আলী পরিবহনের মালিক আব্দুল লতিফ মন্ডল নওগাঁর সাপাহার থেকে শাহ ফতেহ আলী পরিবহন বাস নওগাঁ-ঢাকা রুটে চলাচলের প্রস্তাব দিয়ে একটি চিঠি দেন।
কিন্তু নওগাঁর বাস মালিকরা এ প্রস্তাবে রাজি না হলে বগুড়ার মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ ও তার শ্রমিকরা নওগাঁ থেকে বগুড়া হয়ে দূরপাল্লার বাস চলাচলে বাধা দিয়ে আসছেন গত দুদিন ধরে।
বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের এ বাধা দেওয়ার কারণে নওগাঁ মোটর মালিক গ্রুপের নেতৃবৃন্দরা বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
এদিকে, হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রী সাধারণ।
