২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলন হত্যা: আসামির ১০ বছরের সাজা  

রাজধানীর শান্তিবাগে ব্যবসায়ী ও জাতীয় পার্টি নেতা মোজাম্মেল হোসেন মিলন হত্যাকাণ্ডের একমাত্র আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দ্রুত বিচার ট্রাইবুনাল।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2014, 03:18 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরের দিকে এ রায় দেন ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক এবিএম সাজেদুর রহমান এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামির নাম- হাফিজুর রহমান খান ওরফে ধন মিয়া।

২০১২ সালের ২৯ মে মধ্যরাতে শান্তিবাগের ১৪৩ নম্বর বাড়ির ষষ্ঠ তলায় শটগান দিয়ে গুলি করে হত্যা করা হয় মিলনকে। ওইদিনই নিহতের স্ত্রী মেহেরুননিসা কলি বাদী হয়ে শাহজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১৩ সালের ৭ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রনালয় এর আইন শাখা-১ এর প্রজ্ঞাপন জারির মাধ্যমে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

চুড়ান্ত রায় দেয়ার সময় বিচারক সাজেদুর রহমান বলেন, অনিচ্ছাকৃত হত্যা হয়েছে। আসামিকে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড দেয়া হল না। তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম জেল দেয়া হল।

তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছে দুই পক্ষই।

আসামি পক্ষের আইনজীবী নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামির খালাস পাওয়ার কথা ছিল। এ রায়ের বিরুদ্ধে আমরা হাইকোর্টে আপিল করব।”

অন্যদিকে আসামির সর্বোচ্চ সাজা হওয়ার কথা ছিল জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও এই আদালতের বিশেষ পিপি মাহবুবুর বলেছেন, “এ রায়ের বিরুদ্ধে আমরা আপিল করার কথা ভাবছি।”

মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, পরকীয়ায় বাধা দেওয়ায় আসামি হাফিজুর রহমান খান তার স্ত্রী বেবী আক্তারকে নির্যাতন করতেন। পরে নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য শান্তিবাগের ১৪৩ নম্বর বাড়িতে বিভিন্ন সময়ই ভাই মিলনকে ডেকে আনতেন বেবী। খুনের ঘটনার দিনও তাকে ডেকে আনা হয়েছিল। ওই দিন রাতে বোনকে নির্যাতন করছিলেন আসামি হাফিজুর। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে নিজের নিবন্ধনকৃত শটগান দিয়ে মিলনকে গুলি করে পালিয়ে  যান হাফিজুর। হাফিজুর কুমিল্লার চান্দিনার হাবিবুর রহমান টেক্সটাইল মিলসের সাবেক নির্বাহী পরিচালক। দুর্নীতির দায়ে ২০০৭ সালে তাকে চাকরিচ্যুত করা হয়। গতবছরের ১১ জুন গ্রেপ্তার করা হয় হাফিজুরকে। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত শটগান ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।