শেরপুরে দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
শেরপুর সদর উপজেলায় শেরপুর-ঢাকা মহাসড়ক ও শেরপুর-শ্রীবরদী সড়কে পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক শিশুসহ দুই জন।
সদর থানা পুলিশ জানিয়েছে, সোমবার সকালের দিকে সদর উপজেলার কানাসাখোলা ও নৌহাটা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার কানাশাখোলা বয়ড়া পরানপুরের মনর উদ্দিনের ছেলে হৃদয় (৭) ও নৌহাট এলাকার বাসিন্দা আবুল কাশেম (৬০)।
শেরপুর সদর থানার এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, সকাল ১১টার দিকে কানাসাখোলা এলাকায় শেরপুর-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় হৃদয়। হৃদয় স্থানীয় কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণিতে পড়ত।
এর আগে সকাল ৯টার দিকে নৌহাটা এলাকায় বাসচাপায় নিহত হন পথচারী আবুল কাশেম। সকালে তিনি বাজার করে বাড়ি ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সদর থানার ওসি মো মাজহারুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রীবরদী শিল্প ও বনিক সমিতির ঢাকাগামী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে ফুটপাতে উঠে পড়ে এবং সেখান দিয়ে হেঁটে যাওয়া কাশেমের গায়েও ধাক্কা লাগে।
দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন। পুলিশ লাশ উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
