রংপুর মেডিকেলে ধর্মঘটে শিক্ষানবিশরা
ছাত্রাবাসে হামলা ও লুটপাটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।
রোববার সন্ধ্যায় ইন্টার্নি ডক্টরস অ্যাসোসিয়েশনের জরুরি সভা শেষে সংগঠনের সভাপতি ডা. রিজু আহমেদ বিপ্লব ৬টা থেকে কর্মবিরতির ঘোষণা দেন।
রিজু আহমেদ জানান, রোববার ডা. মিলন ছাত্রাবাসের ১৫ নম্বর কক্ষে ঘুমাচ্ছিলেন ইন্টার্নি চিকিৎসক সিদ্দিক ও রিয়াদ।
“বেলা ১১টায় একদল বহিরাগত সন্ত্রাসী কক্ষে ঢুকে আগ্নেয়াস্ত্রের মুখে দুটি ল্যাপটপ, মোবাইল ও নগদ বেশকিছু টাকা লুট করে নিয়ে যায়।”
বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ এবং কোতোয়ালি থানার ওসিকে জানানোর পরেও বিকাল পর্যন্ত কোনো প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়ায় সন্ধ্যা ৬টা থেকে কর্মবিরতি শুরু করা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লুট হওয়া জিনিসপত্র উদ্ধারসহ সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করার জন্য পুলিশকে বলা হয়েছে।
এরপরেও কর্মবিরতির সিদ্ধান্ত সঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি।
কোতোয়ালি থানার ওসি আব্দুর কাদের জিলানী বলেন, অভিযোগ পাওয়ার পর থেকেই অভিযান শুরু করা হয়েছে।
