কাজেম আলী স্কুলের 'বাণিজ্যিকীকরণ' বন্ধের দাবি ছাত্রলীগের
চট্টগ্রামের কাজেম আলী উচ্চ বিদ্যালয়ের ‘বণিজ্যিকীকরণ’ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি পালন করেছে নগর ছাত্রলীগ।
কাজেম আলী স্কুলে ‘বাণিজ্যিকীকরণ’ বন্ধের দাবি
রোববার দুপুরে চট্টগ্রাম কলেজ সড়কে অবস্থিত কাজেম আলী স্কুলের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে তারা।
আগামী সাত দিনের মধ্যে দাবি মানা না হলে আরও বৃহত্তর কর্মসুচি পালনের ঘোষণা দেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্কুল পরিচালনা কমিটি সম্পূর্ণ ‘অবৈধভাবে’ মার্কেট এবং স্কুলের মাঠে কমিউনিটি সেন্টার নির্মাণ করছে।
তিনি বলেন," পরিচালনা কমিটি আগামী সাত দিনের মধ্যে তাদের কাজ বন্ধ না করলে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে স্কুলের সামনে অবস্থান কর্মসুচি ও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।"
এর আগে শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কাজেম আলী স্মৃতি পরিষদ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নামে 'বাণিজ্যিককরণ'-এর অভিযোগ আনেন।
শেখ-এ-চাটগাম খ্যাত কাজেম আলী মাস্টার ১৮৮৫ সালে নগরীর চন্দনপুরায় মডেল ইংলিশ স্কুল নামের বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর বিদ্যালয়টি তার নামে করা হয়।
