২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অষ্টমীর স্নান রোববার রাতে শুরু

হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসব রোববার রাতে শুরু হতে যাচ্ছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 06:33 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

নারায়ণগঞ্জ, কুড়িগ্রামসহ বিভিন্ন স্থানে এ স্নানোৎসব হয়ে থাকে। রোববার গভীর রাতে শুরু হয়ে স্নান চলবে সোমবার গভীর রাত পর্যন্ত।

এ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম লাঙ্গলবন্দে স্নানোৎসবকে ঘিরে নেওয়া নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন।

তিনি জানান, স্নানোৎসবকে নিরাপদ রাখতে ৮২৪ জন পুলিশ কাজ করবে। নজর রাখতে চারটি পর্যবেক্ষণ মাচা এবং ২৪টি সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের সভাপতি পরিতোষ কান্তি সাহা ও সাধারণ সম্পাদক বাসুদেব চক্রবর্তী জানান, স্নানের লগ্ন শুরু হবে রোববার রাত ১টা ৫৫ মিনিটে। লগ্ন শেষ হবে সোমবার রাত ২টা ৫৫ মিনিটে।

সোমবার সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত অমৃত জোঁক-এ ভিড় বেশি থাকে আয়োজকরা জানিয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. দুলাল চন্দ্র চৌধুরী জানান, তাদের ৩টি দল ফ্রি চিকিৎসা দেবে।

সরকারিভাবে গঠিত স্নাসোৎসব ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মেরাজ হোসেন জানান, স্নানঘাটসহ যাতায়াত পথে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ৭০টি শৌচাগার, ২৫টি পানির ট্যাংক, ৫০টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে।

জেলা প্রশাসক মনোজকান্তি বড়াল জানান, স্নানঘাটগুলো প্রায় দেড় কোটি টাকা ব্যয় করে উন্নত করা হয়েছে।

কুড়িগ্রামের চিলমারীতে অষ্টমীর স্নান

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. আহ্সান হাবিব জানান, সরকারিভাবে অষ্টমী স্নান মেলার জায়গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প, নলকুপ, নারীদের কাপড় বদলানোর জন্য দুই শতাধিক তাবু থাকবে।

এছাড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সোমবার সকাল ৮টা ১৫ মিনিট ০৫ সেকেন্ড থেকে সকাল ১০টা ৩ মিনিটের মধ্যে স্নানের উত্তম সময়। তারপরও পূন্যার্থীরা দুপুর পর্যন্ত স্নান করবেন।

অষ্টমীর ভোগের সময় বিকেল ৩টা ৪৬ মিনিট ৪৯ সেকেন্ডে।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, চিলমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বীরেন্দ্র নাথ সরকার জানান, প্রতি বছরের মতো এবারও বিভিন্ন জেলা-উপজেলা ছাড়াও ভারত, চীনসহ অন্যান্য দেশের পূণ্যার্থীরা অষ্টমী স্নান মেলায় আসবেন।

চিলমারী বন্দরের দু লাখ মানুষের সমাগম হবে আশা করা হচ্ছে।

সোমবার বিকেলে এ স্নান উপলক্ষ্যে চিলমারী ব্রহ্মপুত্র নদের তীরে রমনা ইউনিয়নের জোড়গাছ বাজার, কাঁচকোল বাজার ও পরদিন বালাবাড়ীহাটে মেলা বসবে।