নওগাঁয় ৪ লাখ টাকার জাল নোট উদ্ধার
নওগাঁর ধামইরহাট উপজেলায় প্রায় চার লাখ টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার হরিতকিডাঙ্গা গ্রাম থেকে গ্রেপ্তার উমর আলী ওরফে কাছু (৩৫) উপজেলার চকপোশা গ্রামের প্রয়াত আলাবক্স মন্ডলের ছেলে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের মেজর আব্দুর রহিম জানান, সকাল সাড়ে ১০টার দিকে তার নেতৃত্বে অভিযান চালানো হয় হরিতকিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায়।
এ সময় খেলার মাঠের পশ্চিম পাশ থেকে তিন লাখ ৮৭ হাজার টাকার জাল নোটসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান মেজর রহিম।
