২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যে কোনো টুর্নামেন্ট আয়োজনে প্রস্তুত বাংলাদেশ’

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) যে কোনো টুর্নামেন্টের আয়োজক হতে বাংলাদেশ সব সময় প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 03:10 PM

Updated : 13 Oct 2022, 11:59 AM

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল জানান, আইসিসির প্রেসিডেন্ট অ্যালান আইজ্যাক রোববার শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাতে আইসিসির প্রতিনিধি দলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হোয়াইক্লিফ ডেভ ক্যামেরন, আইসিসির পরিচালক নেইল স্পাইট, সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ইমরান খাজা ও আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন ছিলেন।  
আইসিসি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় ক্রিকেটারদের দক্ষতা ও নৈপুণ্য বাড়াতে কক্সবাজারে একটি ক্রিকেট একাডেমি তৈরির কথা জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, তার সরকার শুধু ক্রিকেট নয়, সব ধরনের খেলাধুলাকে উৎসাহিত করে থাকে।

এ প্রসঙ্গে বিশেষ অলিম্পিকে বাংলাদেশ দলের সদস্যদের সাফল্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের জন্য ঢাকার কাছেই সাভারে আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স তৈরি করা হচ্ছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে নিরাপত্তাসহ সব ধরনের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান আইসিসি প্রেসিডেন্ট অ্যালান আইজ্যাক।

তিনি বাংলাদেশের দর্শকদের ভূয়সী প্রশংসা করেন বলেও জানান বৈঠকে উপস্থিত মাহবুবুল হক শাকিল।

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজারের স্টেডিয়ামটি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য একটি আকর্ষণীয় ভেন্যু হবে বলেও আশা প্রকাশ করেছেন আইসিসির প্রেসিডেন্ট।

বাংলাদেশের মহিলা ক্রিকেটের নৈপুণ্যের প্রশংসা করে তিনি বলেন, তারা খুব অল্প সময়েই নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে সক্ষম হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এবং মুখ্য সচিব আব্দুস সোবহান এসময় উপস্থিত ছিলেন।