২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরানের অভিযোগ ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’: ছাত্রলীগ

গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর হামলার সঙ্গে সংশ্লিষ্টতা নেই দাবি করে সংগঠনটির মুখপাত্র ইমরান এইচ সরকারের বক্তব্যকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে ছাত্রলীগ।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2014, 09:41 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

শনিবার ইমরানের বক্তব্যের প্রতিবাদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল আলমকে গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় আওয়ামী লীগের ছাত্র সংগঠনটি।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, “প্রায় ১০ মাস যাবত গণজাগরণ মঞ্চের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই।

“তাদের সঙ্গে বিরোধ থাকার প্রশ্নই আসে না। বরং মঞ্চের সঙ্গে সংশ্লিষ্ট ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান।”

নাজমুল আলম বলেন, গণজাগরণ মঞ্চের অভ্যন্তরে কিছুদিন ধরে অস্থিরতা ও উত্তেজনা রয়েছে বলে পত্রপত্রিকার মাধ্যমে জানা গেছে।

তিনি বলেন, “এখন গণজাগরণ মঞ্চ লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রোগ্রাম করলেও তাতে উপস্থিতি দেখে তাদের গণসংশ্লিষ্টতার চিত্র বোঝা যায়।”

ইমরান এইচ সরকার ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক শেখ আসমান ও সাবেক দপ্তর সম্পাদক নাসিম আল মুমিন রূপককে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেন তিনি।

ধর্মঘটের হুমকি

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ সংগঠনটির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেতা রুস্তম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি আশরাফুলকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের ‘আল্টিমেটাম’ দেন।

তিনি বলেন, “বেঁধে দেয়া সময়ের মধ্যে গ্রেপ্তার না করলে দেশব্যাপী ছাত্রধর্মঘট ডাকা হবে।”

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি জয়দেব নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।