দুই সন্তানের গলা কেটে মায়ের আত্মহত্যা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় দুই শিশু সন্তানের গলা কাটার পর ফাঁসিতে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ।
আহত দুই শিশুর মধ্যে শায়লা (৩) মারা গেছে। আশঙ্কাজন্ক অবস্থায় আরেক শিশু মিনলকে (৭) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরগঞ্জ মডেল থানার ওসি কামরুল ইসলাম।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে পুরাহাটা গ্রামের পোশাক কারখানার শ্রমিক মারফত আলীর স্ত্রী হাসনা বেগম স্বপ্না (৩৫) এই ঘটনা ঘটান।
স্বপ্নার পরিবারের বরাত দিয়ে ওসি কামরুল বলেন, স্বপ্না মানসিক রোগী ছিলেন। ঘটনার সময় তার স্বামী মারফত আলী তার কর্মস্থল ঢাকায় ছিলেন।
স্বপ্নার ভাই আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, স্বপ্না মানসিক ভারসাম্য হারিয়ে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
এই ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় মামলা হয়েছে।
