২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড়ের শঙ্কা

চলতি মাসে দুয়েকটি নিম্নচাপের শঙ্কা রয়েছে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 11:32 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

এদিকে বুধবার ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, ফরিদপুর, রাঙ্গামাটি, শ্রীমঙ্গল ও সৈয়দপুর অঞ্চলসহ রাজশাহী এবং খুলনা বিভাগে মৃদু তাপ প্রবাহ বয়ে গেছে এবং তা আরো দু-একদিন চলতে পারে বলে পূর্বাভাসে বলা হয়।

বুধবার যশোরে সর্বোচ্চ ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এসময় ঢাকায় ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সর্বোচ্চ।

এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলেন, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এসময় দেশের উত্তর, উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে দুই থেকে তিন দিন বজ্রসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্যান্য স্থানে তিন থেকে চার দিন হালকা বা মাঝারি কালবৈশাখী ঝড় হতে পারে।

চলতি মাসে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ, যা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে এবং অন্যান্য এলাকায় দুই থেকে তিনটি মৃদু বা মাঝারি  তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কম এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।