ঢাকায় মেডিকেলছাত্রীকে শ্বাসরোধে হত্যা
রাজধানীর হাজারীবাগের এক বাসা থেকে এক মেডিকেলছাত্রীর লাশ পাওয়া গেছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সুলতানগঞ্জের একটি ছয়তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে সাউদিয়া আক্তার বিথীর (২৩) লাশ পাওয়া যায়।
পাবনার বাসিন্দা সাউদিয়া ধানমণ্ডির শিকদার মহিলা মেডিকেল কলেজে তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। আরিফ নামে এক যুবকের সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন তিনি।
স্বামী-স্ত্রী পরিচয়ে থাকলেও আরিফ বিয়ের কোনো প্রমাণ দেখাতে পারেননি বলে হাজারীবাগ থানার ওসি মাইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ওই ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দারা পুলিশকে জানিয়েছে, মঙ্গলবার রাতে সাউদিয়া ও আরিফের মধ্যে ঝগড়ার বিষয়টি তারা টের পেয়েছিলেন।
ওসি বলেন, সাউদিয়ার শরীরে জখমের চিহ্ন রয়েছে। তবে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ আরিফকে গ্রেপ্তার করেছে।
এদিকে রাজধানীর কদমতলীতে শোভা আক্তার (১৬) নামে এক কিশোরীর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
শোভার মা তাসলিমা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাতে জুরাইন মিষ্টিগলির বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে শোভা।
ঝুলন্ত শোভাকে নামিয়ে রাতে হাসপাতালে ভর্তি করা হলে ভোরে তার মৃত্যু হয়।
ওই বাড়ির গৃহকর্ত্রী শিখা আলম সাংবাদিকদের বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর কয়েক বখাটে যুবক গলির পথে শোভার পথরোধ করে তাকে উক্ত্যক্ত করেছিল।
ওই অপমানে শোভা আত্মহত্যা করেছেন বলে তার ধারণা।
কদমতলী থানার উপপরিদর্শক মো. মহিউদ্দিন বলেন, এ ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য মাসুম নামে এক যুবককে আটক করা হয়েছে।
শোভার বাবা সোহরাব হোসেন থানায় বাদি হয়ে একটি মামলা করেছেন বলে তিনি জানান।
তিন বোন দুই ভাইয়ের মধ্যে শোভা তৃতীয়। বাড়ি মাদারীপুরের শিরচরে।
