২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে পিকনিকের বাস খাদে, মালিক-চালকসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

যশোরের বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পিকনিকের বাস খাদে পড়ে নয়জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় বাসের চালক ও এর মালিকসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 09:22 AM

Updated : 01 Sep 2026, 12:43 PM

মামলার তদন্ত কর্মকর্তা চৌগাছা থানার উপপরিদর্শক মুন্সী আবু কুদ্দুস সোমবার যশোর মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, অভিযোগপত্রে বাসচালক ইস্রাফিল মোড়ল, তার সহকারী মহররম আলী, বাস মালিক হাফিজুর রহমান এবং চৌগাছা উপজেলার মান্দারতলা গ্রামের কৃষক জাহাঙ্গীর আলমের নাম এসেছে। এদের মধ্যে হাফিজুর  ছাড়া সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় কোনো ধরনের সংশ্লিষ্টতা না পাওয়ায় আরেক কৃষক শহীদুলের  অব্যাহতি চাওয়া হয়েছে অভিযোগপত্রে।

গত ১৫ ফেব্রুয়ারি বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পিকনিকের বাস মেহেরপুর থেকে ফেরার পথে চৌগাছা উপজেলার ঝাউতলায় রাস্তার খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই সাত শিশু এবং পরে আরো দুজনের মৃত্যু হয়।

এ ঘটনায় চৌগাছা থানার এসআই সাহাবুল আলম বাদী হয়ে একটি মামলা করেন। তাতে বাসের চালক, তার সহকারী এবং কৃষক দুই ভাই জাহাঙ্গীর ও শহীদুলকে আসামি করা হয়।

তদন্ত কর্মকর্তা আবু কুদ্দুস বলেন, কৃষক জাহাঙ্গীর ডাটা শাকের বীজ সংগ্রহের জন্য রাস্তার উপরে গাছ ছড়িয়ে ছিটিয়ে রাখেন। ওই দিন বৃষ্টি হওয়ায় শাকের ডাটায় রাস্তা পিচ্ছিল হয়ে যায়। এতে পিকনিকের দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

প্রথমে বাসমালিক হাফিজুরকে আসামি করা না হলেও তদন্তে তার দোষ বেরিয়ে আসায় অভিযোগপত্রে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান আবু কুদ্দুস।

তিনি বলেন. “বাসে ৩০টি আসন থাকলেও বেশি লাভের উদ্দেশ্যে ৫২টি আসন বসিয়ে অতিরিক্ত যাত্রী বহন করিয়েছেন তিনি। এছাড়া বাসের মধ্যে বেঞ্চ দিয়ে শিক্ষার্থীদের বসার ব্যবস্থা করা হয়, যা সম্পূর্ণ বেআইনি।”