২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিমিয়া নিয়ে ঢাকার অবস্থানে নাখোশ যুক্তরাষ্ট্র

ক্রিমিয়া ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের ভোট দানে বিরত থাকার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 12:54 AM

Updated : 01 Sep 2026, 12:42 PM

একই বিষয়ে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার নিকোলায়েভের ধন্যবাদ জানানোর একদিন পর সোমবার এক সংবাদ সম্মেলনে ড্যান মজিনা বলেন, “এই গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠদের দলে না থাকাটা দুঃখজনক।”

রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার একীভূত হওয়ার বিরোধিতা করে গত বৃহস্পতিবার জাতি সংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব আনা হয়। সদস্য ১৯৩টি দেশের মধ্যে প্রস্তাবের পক্ষে ১০০টি ও বিপক্ষে ১১টি দেশ ভোট দেয়।

ভোটদানে বিরত থাকে ভারত,চীন ও বাংলাদেশসহ ৫৮টি দেশ। আর দুটি দেশ সাধারণ পরিষদে তাদের বকেয়া শোধ না করায় এ প্রস্তাবে ভোট দেয়ার অধিকার পায়নি।

ইউক্রেইনে থাকা ক্রিমিয়ায় গণভোটে রাশিয়ার পক্ষে রায় যাওয়ার পর রাজ্যটিকে মস্কো অন্তর্ভুক্ত করার রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার নিকোলায়েভ বাংলাদেশকে ধন্যবাদ জানান।

মজীনা বলেন, “এর মাধ্যমে প্রমাণিত হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় ক্রিমিয়াকে রাশিয়ার অধিগ্রহণের বিষয়টি গ্রহণ করেনি।”

রাশিয়ার বিরোধিতা করে সাধারণ পরিষদে আনা প্রস্তাবের বিপক্ষে যেসব দেশ ভোট দিয়েছে এবং যারা ভোট দেয়নি তাদের ব্যাপারে ওয়াশিংটন হতাশ বলে জানিয়েছেন মজীনা।

তবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র ‘দ্বিপক্ষীয় স্বার্থ’ রক্ষার্থে কাজ করে যাবে বলে সংবাদ সম্মেলনে জানান রাষ্ট্রদূত।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত ক্রিমিয়া ইস্যুতে বাংলাদেশের অবস্থান নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

কিন্তু এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছিলেন, দুই বৈশ্বিক পরাশক্তির লড়াইয়ে না গিয়ে বাংলাদেশ ভোট দানে বিরত থেকেছে।

এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদে বসনিয়া, জর্জিয়া ও কসোভো ভোট দেয়নি বাংলাদেশ।