২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনশ্রীতে পুলিশ কর্মকর্তার বাড়িতে গৃহকর্মীর লাশ

রাজধানীর বনশ্রী এলাকায় পুলিশের অপরাধ তথ্য বিভাগের এক কর্মকর্তার বাড়ি থেকে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 10:48 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

আম্বিয়া খাতুন (১৬) নামে ওই কিশোরী আত্মহত্যা করেছেন বলে গৃহকর্ত্রী সেলিনা পারভীন দাবি করলেও নিহতের পরিবার বলছে, নির্যাতনই তার মৃত্যুর কারণ।

রামপুরা থানার উপ পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার মারা যাওয়া আম্বিয়ার লাশ সোমবার দুপুরে উদ্ধার করে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

পাবনা থেকে আম্বিয়ার স্বজনদের আসতে সময় লাগায় লাশ ঢাকা মেডিকেলে রাখা হয়েছে।

নিহতের মামা হযরত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আম্বিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার বাম চোখে কালো ফোসকা পড়েছে, পিঠে আর হাতে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় ফাঁস দেয়ার কোনো চিহ্ন নেই।”

এর আগেও আম্বিয়ার শরীরে একবার গরম পানি ঢেলে দিয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

আম্বিয়া বনশ্রীর ব্লক সি এলাকার ৩৬ নম্বর বাড়িতে ৭ বছর ধরে সিআইডি ইন্সপেক্টর জাহাঙ্গীর আলমের বাড়িতে কাজ করত। জাহাঙ্গীর এখন বগুড়ায় কর্মরত।

গৃহকর্ত্রী সেলিনা পুলিশকে জানিয়েছেন, রোববার বিকালে আম্বিয়া কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। ফিরে এলে তাকে সামান্য বকাঝকা করলে বাথরুমের শাওয়ারের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যার চেষ্টা করে সে।

“এরপর স্থানীয় ফরাজী হাসপাতালে নেয়ার পর রাত ৮টায় তার মৃত্যু হয় বলে সেলিনা পারভীন জানিয়েছেন,” বলেন

আম্বিয়ার বাবা মৃত ভ্যানচালক আলী মতিন বিশ্বাস। পাবনার সুজানগরে তাদের বাড়ি।

উপপরিদর্শক মোজাম্মেল হক আরো বলেন, “আম্বিয়ার আত্নীয়দের ঢাকা আসতে একদিন দেরি হওয়ায় লাশ একদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।”

এই ঘটনায় মৃতের বাবার চাচাত ভাই সেকান্দর আলী খান বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।

“ময়নাতদন্তের ওপর ভিত্তি করে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে,” বলেন এসআই মোজাম্মেল।