২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতপন্থী নয়, মুক্তিযুদ্ধপন্থী বিএনপি হোন: চিফ হুইপ

বিএনপি সমর্থকদের 'জামায়াতপন্থী' না হয়ে 'মুক্তিযুদ্ধপন্থী' হওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ।   

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 12:06 AM

Updated : 01 Sep 2026, 12:42 PM

রোববার সকাল ১১টায় রাজধানীর সেগুন বাগিচার একটি রেঁস্তোরায় টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অফ বাংলাদেশ’ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, “যারা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ‘বিভ্রান্তিকর’ কথা বলেন তাদের সঙ্গে সম্পৃক্ত থাকার কোন প্রয়োজন বাংলার মানুষের নেই। স্বাধীনতার পরাজিত শক্তি এখনো দেশ নিয়ে ষড়যন্ত্র করছে।

“৭৫ সালে জাতির জনককে হারিয়েছি। তারা (একাত্তরের পরাজিত শক্তি) আমাদের শেষ রক্ষা কবচটিতে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আঘাত হানতে চায়। মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ শেষ করতে জীবন দিয়ে হলেও তাকে রক্ষা করতে হবে।"

চিফ হুইপ বলেন, “জামায়াতপন্থী বিএনপি না হয়ে মুক্তিযুদ্ধের পক্ষের বিএনপি হোন।”

সভায় নৌমন্ত্রী শাজাহান খান বলেন, “জ্ঞানপাপীরা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে অনেক কথাই বলবে। বঙ্গবন্ধু বাংলার স্বাধীনতা এনে দিয়েছিলেন এটা সবার জানা।”

সরকারের ভালো কাজগুলো আলোচনায় যাতে না আসে এবং যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি নিয়ে যাতে কথা কম হয় সে কারণেই বিএনপি-জামায়াত জিয়াউর রহমানকে 'প্রথম রাষ্ট্রপতি' দাবি করে বিতর্ক তোলার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রেদোয়ান খন্দকার, সভাপতি সালাম মাহমুদ, আবৃত্তি শিল্পী শফি কামাল প্রমুখ।