আখাউড়া বন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরের সহকারী শুল্ক কমিশনার মো. নাজমুল হকের অপসারণ দাবিতে অনির্দিষ্টকালের জন্য রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে আমদানি-রপ্তানিকারক সমিতি।
দাবি না মানলে সোমবার থেকে মাছ রপ্তানি এবং মঙ্গলবার থেকে সকল প্রকার পণ্য রপ্তানি বন্ধ থাকবে বলে সমিতির নেতৃবৃন্দ জানান।
রোববার আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্ত নেয়।
স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাজিব ভূইয়া জানান, শনিবার সহকারী শুল্ক কর্মকর্তার গাফিলতি ও গড়িমসির কারণে মাছ রপ্তানি করতে নির্ধারিত সময়ের চেয়ে সাত ঘণ্টা বেশি সময় লাগে।
এতে রপ্তানির অপেক্ষায় থাকা মাছে পচন ধরেছে। পরে ভারতীয় ব্যবসায়ীরা এসব মাছ নিতে অনীহা প্রকাশ করে।
তাই সমিতির পক্ষ থেকে সোমবার মাছ রপ্তানি এবং মঙ্গলবার থেকে সকল প্রকার পণ্য রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্যবসায়ীদের দাবি, মাছ রপ্তানি সম্পূর্ণ শুল্কমুক্ত হওয়া সত্ত্বেও সহকারী শুল্ক কর্মকর্তা তাদের কাছ থেকে বাড়তি সুবিধা আদায়ের জন্য নানা গড়িমসি করেন।
আখাউড়া সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল জানান, মাছগুলোতে পচন ধরে যাওয়ায় ভারতীয় ব্যবসায়ীরা রপ্তানিকৃত মাছগুলো গ্রহণ করেনি, যার ফলে ব্যবসায়ীরা প্রায় ২৭ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়।
তিনি জানান, এ ব্যাপারে সোমবার ব্যবসায়ী নেতাদের সঙ্গে কুমিল্লা অঞ্চলের কর কমিশনারের বৈঠক হওয়ার কথা রয়েছে।
এ ব্যাপারে সহকারী শুল্ক কমিশনার মো. নাজমুল হকের সঙ্গে কয়েকবার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
