গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে গুলি করে টাকা ছিনতাই
সাভারের আশুলিয়ায় গ্রামীণ ব্যাংকের এক কর্তকর্তাকে গুলি করে ও কুপিয়ে দেড় লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
রোববার দুপুরে জামগড়া কাঠালতলা এলাকায় এই ঘটনায় গুরুতর আহত ব্যাংকটির ইয়ারপুর শাখার কেন্দ্র ব্যবস্থাপক সুবল চন্দ্র দেবনাথতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।
ওই শাখাটির ব্যবস্থাপক সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্র ব্যবস্থাপক সুবল চন্দ্র দেবনাথ ও দ্বিতীয় কর্মকর্তা অজিত কুমার সাহা মাঠ পর্যায়ের গ্রাকদের কাছ থেকে এক লাখ ৭৬ হাজার টাকা উত্তোলন করে দুপুরে ব্যাংকে ফিরছিলেন।
পথে জামগড়া কাঠালতলা এলাকায় দুটি মোটরসাইকেলে আসা চার যুবক তাদের গতিরোধ করে।
তারা সুবলের দুপায়ে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তিনি ব্যাগটি জাপটে ধরে রাখলে দুর্বৃত্তরা তার মাথায় কুপিয়ে টাকার ব্যগটি ছিনিয়ে নিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে অজিতের কোনো ক্ষতি না হওয়ায় বিষয়টি সন্দেহজনক বলে মনে হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ নিয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলেই ব্যবস্থা নেয়া হবে।
