২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমির বিরোধে বাঁশখালীতে একজন খুন 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তর্ক-বির্তকের এক পর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক পরিবারের একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 07:31 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় নিহত আব্দুল মান্নান (২০) উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদমরসুল গ্রামের আব্দুস সবুরের ছেলে। আহতরা হলেন, মান্নানের মা জাহানারা বেগম (৬০) ও ভাই মো. মহিউদ্দিন (২৮)।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কদমরসুল গ্রামের ইউনুস ও মঞ্জুর নামে দুই ব্যক্তি তাদের বাড়ির পেছনে একটি জায়গায় মাটি কাটা নিয়ে ঝগড়া করে। তারা দুজনেই জায়গাটিকে নিজেদের বলে দাবি করে।

এসময় ইউনুসের পক্ষ নিয়ে তাদের উভয়েরই প্রতিবেশী মান্নান কথা বলতে গেলে মঞ্জুর ও তার পক্ষের লোকজনের সঙ্গে বিতর্কে জড়ায়।

এক পর্যায়ে তারা মান্নানকে মারধর করে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মান্নানকে মারধর করতে দেখে জাহানারা ও মহিউদ্দিন এগিয়ে গেলে তারাও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।

আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় বলে পুলিশ কর্মকর্তা আব্দুস সালাম জানিয়েছেন।

তিনি জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তারও করা হয়নি।