সুবহানের মামলা ট্রাইব্যুনাল-২ এ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুস সুবহানের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করার আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ স্বপ্রণোদিত হয়ে বৃহস্পতিবার এ আদেশ দেয়।
এছাড়া সুবহানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার জন্য আসামিপক্ষের করা আবেদনও খারিজ করে দেয় ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার এ আবেদনের উপর উভয়পক্ষের শুনানির দিন ছিল।শুনানি শেষে আবেদনটি খারিজ করে মামলাটি স্থানান্তরের এ আদেশ দেয় ট্রাইব্যুনাল।
এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন সুলতান মাহমুদ সিমন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম, তাপস কান্তি বল এবং রেজিয়া সুলতানা চমন।
জামায়াত নেতা আব্দুস সুবহান।
সোবহানের পক্ষে শুনানি করেন তার আইনজীবী এস এম শাহজাহান কবির।
গত বছরের ৩১ ডিসেম্বর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ সুবহানের বিরুদ্ধে ৯টি অভিযোগে অভিযোগ গঠন করে।
একইদিন নিজের শেষ কর্মদিবসের দায়িত্ব পালন করে অবসরে যান বিচারপতি এটিএম ফজলে কবীর।
৯ জানুয়ারি অভিযোগ গঠনের আদেশের পুনর্বিবেচনা চেয়ে আবেদন করে আসামিপক্ষ।
তবে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান অবসরে যাওয়া পর প্রায় দুই মাসে ট্রাইব্যুনাল পুনর্গঠন না হওয়ায় একাধিকবার পেছানো হয় এই আবেদনের শুনানির তারিখ।
গত ২৩ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান বিচারপতি এম ইনায়েতুর রহিম।
এর আগে গত ২৩ অক্টোবর সুবহানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করে প্রসিকিউশন। এরপর আসামিপক্ষের শুনানির জন্য দিন ধার্য করে দেয় ট্রাইব্যুনাল।
গতবছরের ১৫ সেপ্টেম্বর সুবহানের বিরুদ্ধে ৮৬ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন।১৯ সেপ্টেম্বর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেয় ট্রাইব্যুনাল-১।
২০১২ সালের ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার জামায়াতের এই নেতাকে একটি মামলায় বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা থেকে তাকে গ্রেপ্তার করে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ।
২৩ সেপ্টেম্বর প্রসিকিউশন মাওলানা সোবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন করেন ট্রাইব্যুনালে।
৩০ সেপ্টেম্বর প্রসিকিউশনের আবেদন আমলে নিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। ১ অক্টোবর তার জামিন আবেদন খারিজ করে দেয় ট্রাইব্যুনাল।
এছাড়া সাবেক এ সংসদ সদস্যকে তার বয়সের কথা বিবেচনা করে কারাবিধি অনুযায়ী তাকে ডিভিশন দেয়ার নির্দেশও রয়েছে।
২০১২ সালের ১৫ এপ্রিল তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তে ৪৩ জনের সাক্ষ্য নেয়া হয়।
