২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির হরতাল

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা বিস্ফোরণে কর্মী নিহতের ঘটনায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 10:42 AM

Updated : 22 Aug 2022, 05:58 PM

সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে শহরে টহল দিচ্ছে পুলিশ।

এদিকে হরতালের কারণে সব ধরনের দূরপাল্লার বাহন বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে অভ্যন্তরীণ যান চলাচল।

স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে ফুল দেয়ার সময় বোমা বিস্ফোরণে নিহত হন বিএনপি কর্মী আসাদুজ্জামান সুমন। আহত হন আরো অন্তত তিন জন।

জেলা বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের লোকজনই বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত।

বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ও জোটের সমন্বয়ক শাহজাহান মিয়া পুরো ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে হরতাল ডাকেন।