গাইবান্ধায় হিন্দু ধর্মসভায় হামলা
গাইবান্ধার পলাশবাড়ীতে সনাতন ধর্মালবম্বীদের ধর্মীয় এক সভায় দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন ছয়জন।
কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে বুধবার রাতের এই হামলার জন্য জামায়াতে ইসলামীর কর্মীদের দায়ী করছেন ধর্মসভার আয়োজকরা।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় জামায়াত নেতা আতোয়ার রহমান।
পলাশবাড়ী থানার পরিদর্শক ফিরোজ কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, মুখোশ পরা ওই হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
হামলায় আহতরা হলেন- টুকু চন্দ্র প্রমাণিক, বিল্লু চন্দ্র সরকার, সিন্ধু বালা, অঞ্জলী রানী, অলক চন্দ্র সরকার ও নির্মল চন্দ্র সরকার। তাদের পলাশবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের ঠাকুরবাড়ীতে তিন দিনের ধর্মসভা ও ভক্ত সম্মেলনের আয়োজন করে স্থানীয় ‘ভক্ত সমাজ’, যার প্রথম দিনেই রাত ৮টার দিকে মুখোশ পরে একদল ব্যক্তি হামলা চালায়।
সভা আয়োজক কমিটির সভাপতি স্বপন ঠাকুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলাকারীদের মধ্যে ৩/৪ জন স্থানীয় জামায়াত-শিবিরের কর্মী, তাদের আমরা চিনেছি।”
এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে কিশোরগাড়ী ইউনিয়ন জামায়াতের সভাপতি আতোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর সঙ্গে জামায়াত-শিবিরের কোনো সম্পৃক্ততা নাই। আমি এবং আমার দল হামলায় জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
পুলিশ কর্মকর্তা ফিরোজ বলেন, ১০/১২ জন মুখোশধারী লাঠি, ছুরি, কিরিচ, হাসুয়া নিয়ে অতর্কিত হামলা চালায় বলে জেনেছেন তারা।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, “হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য পুলিশ সব ধরনের তৎপরতা চালাচ্ছে।”
