ট্রাইব্যুনালকে স্থায়ী রূপ দেয়ার দাবি গণজাগরণের
স্বাধীনতাবিরোধীদের অপপ্রচার রুখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সাংবিধানিকভাবে স্থায়ী রূপ দেয়ার দাবি জানিয়েছে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনে থাকা গণজাগরণ মঞ্চ।
মুক্তযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের কর্মকাণ্ডের জন্য ট্রাইব্যুনালের ভাষায় ‘ক্রিমিনাল অর্গানাইজেশন’ জামায়াতে ইসলামীকে সাংগঠিনকভাবে নিষিদ্ধেরও দাবি তুলেছে সংগঠনটি।
বুধবার শাহবাগে স্বাধীনতা দিবসে ‘যুদ্ধাপরাধের বিচার এবং গণজাগরণ মঞ্চের ৬ দফা: আমরা কোথায়?’ শীর্ষক পথসংলাপে এসব দাবি জানান মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
তিনি বলেন, “মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে দায়িত্ব পালন করেছিল। সেই দলের নেতাদেরকে ফাঁসি দিলেই স্বাধীনতার চেতনা বিরোধীদের ধ্বংস করা যাবে না। জামায়াতসহ এর সকল অঙ্গসংগঠনসমূহকেও নিষিদ্ধ করতে হবে।”
ফাইল ছবি
“স্বাধীনতা বিরোধী চক্রের ক্রমাগত মিথ্যা অপপ্রচার বন্ধ হচ্ছে না। এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হলে সরকারিভাবে গণসংযোগ বিভাগ চালু করতে হবে। এসব অপপ্রচারের বিরুদ্ধে সঠিক ও সত্য তথ্য প্রকাশের উদ্যোগ নিতে হবে।”
যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় ঢিলেমি লক্ষ্য করা যাচ্ছে অভিযোগ করেন ইমরান।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ বলেন, “জামায়াতের বিরুদ্ধে তদন্ত চুড়ান্ত হয়েছে। শিগগিরই জামায়াত নিষিদ্ধের প্রক্রিয়া শুরু হবে। সংবাদটি খুশির হলেও সামনের পথ খুবই কঠিন ও দুর্যোগপূর্ণ।”
লেখক অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল বলেন, নতুন প্রজন্মের জাগরণের ফলে আজ যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। বিশ্বের ইতিহাসে এই দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না।
“যুদ্ধ করতে হয় মনের শক্তি ও সাহস দিয়ে, অস্ত্র দিয়ে নয়। এর উদাহরণ হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। তাই চলমান এই যুদ্ধে মনোবল ও সাহস হারানো চলবে না। মনে রাখতে হবে দেশের সব মানুষ তোমাদের সাথেই আছে।”
সংলাপে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী খুশি কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাবেরী গায়েন, অধ্যাপক ইয়াসমিন হক, সাবেক ছাত্রনেতা ফাহিম তানভীর আহমেদ, অনলাইন এক্টিভিস্ট আরিফ জেবতিক প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রমৈত্রী সভাপতি বাপ্পাদিত্য বসু, জাসদ ছাত্রলীগের সভাপতি শামসুল ইসলাম সুমন, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তার।
সংলাপ শেষে একটি পতাকা মিছিল বের হয়ে চিরন্তনীতে গিয়ে শ্রদ্ধা জানিয়ে আবার শাহবাগে এসে শেষ হয়।
চট্টগ্রামে পতাকা মিছিল
স্বাধীনতা দিবসে যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ গড়ার দাবিতে পতাকা মিছিল করেছে গণজাগরণ মঞ্চ চট্টগ্রাম।
বিকাল পাঁচটায় নগরীর চেরাগী পাহাড় মোড় থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মিছিলের আগে চেরাগী পাহাড় মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
