কারখানায় নিরাপত্তা নিশ্চিতে ইইউর আহ্বান
কারাখানায় নিরাপত্তা এবং শ্রমিক অধিকার নিশ্চিতে প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট।
সাভারের রানা প্লাজা ধসের বছর পূর্তির আগে সরকারের পদক্ষেপগুলো বাস্তবায়নের আহ্বান জানানো হলো।
ঢাকা সফরে আসা ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধি দলের এক বিবৃতিতে বলা হয়, “এ বছরের ২৪ এপ্রিলের আগেই সরকারের নেয়া পদক্ষেপগুলো বাস্তবায়ন জরুরি, কারণ এর মধ্যে দিয়ে দিনটিকে স্মরণ করা হবে।”
দুই দিনের সফর শেষে মঙ্গলবার ঢাকা ছাড়ে প্রতিনিধি দলটি।
তারা পোশাক খাতের উন্নয়নে ক্রেতা এবং বাংলাদেশ কারখানা মালিকদেরও আহ্বান জানিয়েছে।
গতবছর রানা প্লাজা ধসে ১১শর বেশি মানুষ হারায়, যাদের অধিকাংশই ছিল ওই ভবনে থাকা কয়েকটি পোশাক কারখানার শ্রমিক।
ওই ঘটনার পর দেশে-বিদেশে বাংলাদেশের পোশাক কারখানায় শ্রমিকদের নিরাপদ কাজের পরিবেশ নিয়ে সমালোচনার ঝড় উঠে।
সফরে এসব বিষয় নিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও পোশাক খাতের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনাও করে ইউরোপিয়ান পার্লামেন্ট প্রতিনিধি দল।
এসব আলোচনা থেকে বেরিয়ে আসা ফলাফলই মূলত প্রতিফলিত হয়েছে প্রতিনিধি দলের বিবৃতিতে।
বিশেষ করে শ্রম আইন বাস্তবায়ন এবং কারখানা পরিদর্শনের জন্য ২০০ পরিদর্শক নিয়োগের ওপর জোর দেয়া হয় এতে।
প্রতিনিধি দল শ্রম আইন বাস্তবায়ন, কারখানা পরিদর্শক নিয়োগ এবং তাদের পরদির্শনের ওপর সমন্বিত প্রতিবেদন প্রকাশ, শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করার পাশাপাশি রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেয়ার মতো বিষয়গুলো বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে প্রতিনিধি দলের নেতা জ্যঁ ল্যামবার্ট বলেন, “শ্রমিকরা নিরাপদ পরিবেশে কাজ করছে এবং তারা সম্মানজনক জীবন যাপন করছে- পণ্য কেনার সময় ইউরোপরে ক্রেতারা তা নিশ্চিত হতে চায়।”
ল্যামবার্টের নেতৃত্বে এই সফরে জন অ্যাটার্ড-মনটালটো, সালভাদোর সেদো আই অ্যালাবার্ট এবং নিকোলো রিনালদি নির্বাচন পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি এবং কারখানার উন্নয়নে নেয়া বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
