২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে শহীদ মিনারে বিস্ফোরণে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেয়ার সময়  বোমা বিস্ফোরণে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2014, 02:47 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

এ সময় আরো অন্তত তিন জন আহত হয়েছেন বলে  শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান জানান।

নিহত আসাদুজ্জামান সুজন (২৫) শিবগঞ্জ পৌর এলাকার চতুরপুর মহল্লার শরিফুল ইসলমের ছেলে।

শিবগঞ্জ বাজারের মহিদুর রহমানের ছেলে আবুল বাশার (৩৬), একই এলাকার আলমের ছেলে নুরুল ইসলাম (৪০) এবং শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রামের তাজেমুল ইসলামের ছেলে তৌফিককে (২৫) আহত অবস্থায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

হতাহতরা সবাই বিএনপি কর্মী বলে স্থানীয় নেতারা দাবি করেছেন।

ওসি জানান, মঙ্গলবার রাত ১২টায় বিভিন্ন রাজনৈতিক দল শিবগঞ্জ উপজেলা পরিষদ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করার সময় উত্তেজনার আশঙ্কায় পুলিশ আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের দুই দিকে সরে যেতে বলে।

আওয়ামী লীগ কর্মীরা ফুল দেয়ার পর বিএনপি নেতাকর্মীরা ওঠা মাত্র সেখানে একটি হাতবোমা বিস্ফোরিত হয় এবং অরেকটি ককটেল ফাটে শহীদ মিনারের পিছনে।

চারজনকে আহত অবস্থায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে আসাদুজ্জামান সুজনকে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলেন। রাত ২টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।

পরিবারের লোকজন রাতে সুজনের লাশ হাসাতাল থেকে বাড়ি নিয়ে গেলেও পুলিশ বুধবার সকালে বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে রাতে ওই ঘটনার পরপরই বিক্ষুব্ধ বিএনপি কর্মীরা স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর করে এবং একটি মোটর সাইকেল পুড়িয়ে দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ওসি আশিকুর রহমান বলেন, সুজন বোমা বহন করছিল বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন।

অবশ্য চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি শাহজাহান মিয়ার অভিযোগ, আওয়ামী লীগের লোকজন বোমা মেরে সুজনকে হত্যা ও অন্যদের আহত করেছে।

এ অভিযোগ অস্বীকার করে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন খুররম বলেন, “বিএনপি কর্মীরা বোমা বহন করছিল। নিজেদের বোমায় তাদের কর্মী সুজন নিহত হয়েছে।”