২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্বাধীনতার ৪৩তম বার্ষিকীতে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2014, 09:31 AM

Updated : 01 Sep 2026, 12:40 PM

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনীর দমন অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো পূর্ব পাকিস্তানের বাঙালিরা। বরাবরের মতোই রাষ্ট্রীয়ভাবে দিনটিকে পালন করা হচ্ছে জাতীয় দিবস হিসাবে।

বুধবার ভোর পৌনে ৬টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতাযুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল এ সময় গার্ড অব অনার দেয়।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পরে মন্ত্রী পরিষদের সদস্যরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল সোয়া ৬টার দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ ত্যাগ করার পর মুক্তিযোদ্ধা সংসদ, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয়।

সূর্য ওঠার আগেই জাতীয় সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করে স্মৃতিসৌধের সামনে। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে এই ভিড়।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সকাল ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে দলীয় প্রধান হিসাবেও ফুল দেন তিনি। দলের জ্যেষ্ঠ নেতারা এ সময় তার সঙ্গে ছিলেন।

এরপর গণভবনে স্বাধীনতা দিবসের স্মারক ডাকটিকেট ও খাম অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, পররাষ্ট্র প্রদিমন্ত্রী শাহরিয়ার আলম এবং তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ সময় উপস্থিত ছিলেন।

দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মোহাম্মদপুরের গজনবী সড়কে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বিশ্রামাগারে ফুল, ফল ও মিষ্টি নিয়ে যান তার সহকারী একান্ত সচিব শাইফুজ্জামান শিখর এবং উপ প্রেস সচিব মো. আশরাফুল আলম।