২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতার ৪৩ বছর

কালরাত পেরিয়ে অবিস্মরণীয় অর্জনের দিন ২৬ মার্চ পালনের অপেক্ষায় বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2014, 01:44 AM

Updated : 01 Sep 2026, 12:40 PM

প্রতিবছরের মতো দিনের সব কর্মসূচির সঙ্গে নতুন মাত্রা নিয়ে এবার এসেছে লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার আয়োজন, যাতে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

দুই যুগের শোষণ থেকে মুক্তি পেতে আন্দোলনরত নিরস্ত্র বাঙালিদের ওপর ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী।

কালরাতের সেই প্রথম প্রহরে ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ অভিযান নামে গণহত্যা চালানো হয়। বাঙালিরা এর বিরুদ্ধে গড়ে তোলে প্রতিরোধ। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে ওই বছরের ১৬ ডিসেম্বর স্বাধীন হয় বাংলাদেশ।

২৫ মার্চ গণহত্যা শুরুর রাতেই পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর মধ্যেই স্বাধীনতার ঘোষণা দিয়ে যান তিনি।

অবশ্য তার আগেই ৭ মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে এক জনসভায় কার্যত স্বাধীনতার ঘোষণা দেন বাঙালির অবিসংবাদিত এই নেতা।

বুধবার স্বাধীনতা দিবসে বাঙালি জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করবে মুক্তিযুদ্ধের বীর শহীদদের। সাধারণ এই ছুটির দিনে সেই সঙ্গে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা অনুষ্ঠানে পালন করবে গৌরবের দিনটি।

প্রতি বছরের মতো এবারো ফুলে ফুলে ভরে উঠবে সাভারে জাতীয় স্মৃতিসৌধ। ফুলেল শ্রদ্ধায় সবাই স্মরণ করবে মুক্তিযুদ্ধের বীর শহীদদের।

ঢাকায় ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনার পর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধে ফুল দেবেন। সকালে ফুল দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এবার স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ইতিহাস গড়ার এক অনুষ্ঠানে একসুরে তিন লাখ কণ্ঠ গেয়ে উঠবে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’।

সকাল সাড়ে ছয়টা থেকে ৯টার মধ্যে অনুষ্ঠানস্থলে প্রবেশের সুযোগ দেয়া হবে। সকাল ৮টায় শিল্পকলা একাডেমির পরিবেশনায় দেশবরেণ্য এবং খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলেও মূল পর্ব ১১টায়। চূড়ান্ত জাতীয় সংগীত পরিবেশনের আগে করানো হবে অনুশীলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ছাড়াও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

‘সবার জন্য’ উন্মুক্ত এই আয়োজন শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকছে না, নিজ উদ্যোগে জেলা, উপজেলায়ও একই সময় সমবেত কণ্ঠে শোনা যাবে জাতীয় সংগীত।

প্যারেড ময়দানের লাখো কণ্ঠে যখন জাতীয় সংগীত গাওয়া হবে, তখন যে যেখানে থাকবেন, সেখান থেকেই ‘সোনার বাংলায়’ কণ্ঠ মেলানোর আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।

স্বাধীনতা দিবসের বাণীতে রাষ্ট্রপতি সুখী ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন; প্রত্যাখ্যান করতে বলেছেন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে।

গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশের ওপর জোর দিয়ে আবদুল হামিদ বলেছেন, “জাতীয় জীবনে আমাদের আরো ধৈর্য, সংযম ও সহনশীলতার পাশাপাশি অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।”

প্রধানমন্ত্রী তার বাণীতে স্বাধীনতার অর্জনকে অর্থপূর্ণ করতে সবাইকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার আহ্বান জানিয়ে তা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দিতে বলেছেন।

বিএনপি চেয়ারপারসন তার বাণীতে দেশকে ‘তাঁবেদার’ রাষ্ট্র বানানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করে সে বিষয়ে জনগণকে সজাগ থাকার আহবান জানিয়েছেন।

দিনের অন্যান্য কর্মসূচি

দিবসের তাৎপর্য তুলে ধরে এদিন সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে এবং বিশেষ নিবন্ধ, সাহিত্য সাময়িকী প্রকাশ করবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে পোস্টার প্রকাশ করা হয়েছে।

বিটিভি, বাংলাদেশ বেতার, বেসরকারি বেতার/টিভি চ্যানেলগুলো বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচার করবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হবে।

ঢাকা ও দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপগুলো জাতীয় পতাকা ও অন্যান্য পতাকায় সাজানো হবে। দেশের সব শিশু পার্ক, চিড়িয়াখানা, জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর উন্মুক্ত থাকবে।

সব ধর্মীয় প্রতিষ্ঠানে দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও উপাসনার আয়োজন করা হবে এবং মুক্তিযোদ্ধা কেন্দ্র, হাসপাতাল, জেলখানা, সরকারি শিশুসদনসহ অনুরূপ প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

জেলা ও উপজেলা পর্যায়ে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কালরাতে ডাক আলোর বাংলাদেশ গড়ার