কুমিল্লায় ২৪ বিএনপি নেতাকর্মী কারাগারে
উপজেলা নির্বচন নিয়ে সংঘর্ষে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি নেতা ও কুমিল্লার সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীসহ দলটির ২৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার আসামিরা কুমিল্লার দ্রুত বিচার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম শহীদুল্লাহ কায়সার তাদের আবেদন নাকচ করে দেন।
এ ২৪ জনের মধ্যে মঞ্জুরুল আহসান মুন্সীর ছেলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক রেজভিউল আহসান মুন্সীও রয়েছেন।
দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল আহমেদ জানান, দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে ২৭ ফেব্রয়ারি সন্ধ্যায় উপজেলা সদরে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষ চলাকালে মোটরসাইকেল পোড়ানোর ঘটনা ঘটে।
এ ঘটনায় ৫ মার্চ রাতে বিএনপির ৩৩ নেতাকর্মীকে আসামি করে দ্রুত বিচার আইনে থানায় মামলা দায়ের করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাদ্দাম হোসেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইমাম হোসেন ১৬ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
আসামিপক্ষের আইনজীবী খন্দকার মিজানুর রহমান জানান, এ মামলায় মঞ্জুরুর আহসান মুন্সী, তার ছেলে ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সীসহ ২৪ নেতাকর্মী স্বেচ্ছায় কুমিল্লার দ্রুত বিচার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।
বিচারক আবেদন নাকচ করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
