শরীয়তপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
শরীয়তপুর সদর উপজেলায় অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হন আরো দুইজন।
নিহত মশিউর রহমান শরীয়তপুর সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
দুর্ঘটনায় আহত মশিউরের ছোটভাই বায়েজিদ আহম্মেদ বাবুসহ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পালং মডেল থানার ওসি মো. আবুল খায়ের ফকির বলেন, সকালে মঙ্গলমাঝির ঘাট থেকে ছেড়ে আসা শরীয়তপুর সদর হাসপাতালের অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে পাশের খাদে পড়ে চালক মশিউর ও দুই আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মশিউর মারা যান।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা কয়েকটি গাড়ি ভাংচুর করলে সড়কে প্রায় তিনঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
