রাজশাহীতে বাস খাদে পড়ে মা-ছেলের মৃত্যু
রাজশাহীর গোদাগাড়ীতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে মা-ছেলে নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ২০ জন।
নিহতরা হলেন, রাজশাহী নগরীর আসাম কলোনীর আবুল কাশেমের স্ত্রী মরিয়ম বেগম (৫৫) ও তার ছেলে মহির উদ্দিন (৩৫)।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার ওসি আবু মোকাদ্দেম আলী জানান, শাহমুখদুম পরিবহনের (রাজশাহী-ব-১৮৫৭) বাসটি যাত্রী নিয়ে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে সোনাদিঘী এলাকায় আরেকটি গাড়িকে অতিক্রম করতে দিয়ে চালক নিয়ন্ত্রণ হারায়। ফলে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই মরিয়ম বেগম ও তার ছেলে মহির উদ্দিন (৩৫) মারা যান।
আহতদের মধ্যে ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও ১০ জনকে গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
