২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বালুয়াকান্দির চেয়ারম্যান শামছুদ্দিন সমাহিত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচনে সহিংসতায় নিহত বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন প্রধানের মরদেহ তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 10:00 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

সোমবার বাদ আসর তার বাড়ির পাশে আঙ্গিনায় নামাজে জানাজা শেষে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে তেঁতুলতলা কবরস্থানে তাকে মাটি দেয়া হয়।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বেলা আড়াইটায় তার মরদেহ গ্রামের বাড়ি আসে।

মরদেহ বাড়ি পৌঁছালে তার স্বজন ও শুভাকাঙ্খীরা এক নজর দেখতে ছুটে আসেন।

এদিকে চেয়ারম্যান শামছুদ্দিন নিহত হওয়ার ঘটনায় সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।

গজারিয়া থানার ডিউটি অফিসার এ এস আই শাহনুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মামলা না হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার গজারিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের সমর্থক বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন প্রধান প্রতিপক্ষের হামলা ও দেশি অস্ত্রের আঘাতে মারা যান।