নিষেধ ভেঙে মাছ শিকার: পাঁচ জেলের সাজা
নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকারের কারণে চাঁদপুরের পাঁচ জেলেকে ২০দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন- মো. হাসান আলী প্রধান (৬৭), মো. সালাহউদ্দিন (২২), মো. লিটন হাওলাদার (৩৫), মো. মামুন বেপারী (২২) ও মো. ফারুক প্রধানিয়া (১৮)। তারা সবাই চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা।
চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম সোমবার সকালে তাদের সাজার আদেশ দেন।
চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নদীর বিভিন্ন স্থানে সোমবার সকালে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ মন জাটকা ও এক লাখ মিটার কারেন্ট জাল জব্ধ করা হয়।
জাটকাগুলো দুস্থদের মধ্যে বিতরণ করে কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানান তিনি।
‘ইলিশ অভয়াশ্রম’ কর্মসূচির আওতায় প্রতিবছর মার্চ-এপ্রিল এই দুই মাস চাঁদপুরের মেঘনা নদীর ৬০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।
