২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির অভিযোগ সঠিক নয়: দুদক

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার অভিযোগ গঠনের বিষয়ে বিএনপির অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 01:33 AM

Updated : 01 Sep 2026, 12:40 PM

দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, “ওই দিন আমি শুনেছি, আদালত একাধিকবার জানতে চেয়েছেন, খালেদা জিয়া দোষী, না কি নির্দোষ। জবাবে তিনি (খালেদা) বলেছেন, তিনি বিচার চান এবং বিচারের প্রত্যাশায় তিনি আদালতে উপস্থিত হয়েছেন।

“সুতরাং তিনি এবং তার দল যে অভিযোগ করছেন- আদালত জানতে চায় নি তিনি দোষী কি নির্দোষ; তা সঠিক নয়।”

গত ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালতে দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। হট্টগোলের মধ্যে অভিযোগ গঠনের পর বিএনপির চেয়ারপারসন বলেন, “আদালত তো জানতে চাইল না, আমি দোষী না নির্দোষ।”

এই অভিযোগ গঠনের সঙ্গে বিএনপি নেত্রীকে হয়রানির কোনো উদ্দেশ্য নেই বলে দাবি করেন অ্যাডভোকেট কাজল।

এই মামলায় আসামি পক্ষের বারবার সময় নেয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “১৯ মার্চও তারা সময় চেয়ে আবেদন করেছিলেন, কিন্তু এবার আদালত না মঞ্জুর করেছেন। এর মধ্যে তারা কি রাজনৈতিক অভিসন্ধি দেখলেন?”