২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের সুপারভাইজারকে গুলি করে ছিনতাই

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে গ্রামীণফোনের এক সুপারবাইজারকে গুলি করে সাড়ে নয় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 06:03 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

বেলা দেড়টার দিকে মাদানীনগর ও চিটাগাং রোডের মাঝামাঝি স্থানে এ ঘটনায় গুলিবিদ্ধ শাহিন মাহমুদকে (২৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, সোনারগাঁ এলাকার সুপারভাইজার ফিরোজ হোসেন শাহিনকে হাসপাতালে নিয়ে আসেন।

শাহিনের দুই পায়ে গুলি লেগেছে বলে জানান মোজাম্মেল হক।

ফিরোজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহিন ও গ্রামীণফোন সিদ্ধিরগঞ্জ থানার বিক্রয় প্রতিনিধি রেজাউল ইসলাম রোমান মাদানীনগর থেকে রিকশায় চিটাগাং রোড দিয়ে যাচ্ছিলেন।

তাদের কাছে ফ্লেক্সিলোড, মোবাইল বিক্রি, গ্রাহকদের বিল পে-এর প্রায় সাড়ে নয় লাখ টাকা ছিল। পথে হঠাৎ একটি সাদা প্রাইভেটকার তাদের রিকশার গতিরোধ করে।

গাড়িতে পাঁচজন ছিল জানিয়ে তিনি বলেন, দুর্বৃত্তরা শাহিন ও রোমানের কাছে থাকা টাকার ব্যাগটি চাইলে কিছুক্ষণ দুইপক্ষের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা শাহিনের দুই পায়ে গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায়।

“ঘটনার পর রোমান আমাকে ফোন করলে আমি ঘটনাস্থলে গিয়ে শাহিনকে প্রথমে চিটাগাং রোডের সাজেদা হাসপাতালে নিয়ে যাই।”

পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়, বলেন ফিরোজ।

রোমান আরো জানান, যারা নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়েছে তাদেরকে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মতোই। তারা স্বাস্থ্যবান ও মাথার চুল ছোট করে কাটা এবং প্রত্যেকের কোমরে অস্ত্র ছিল।

ঘটনার সত্যতা স্বীকার করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, “ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে আমরা শুনেছি। ছিনতাইকাজে ব্যবহৃত গাড়ির নম্বর পাওয়া গেছে। গাড়িটি সনাক্ত হলে ছিনতাইকারিদের ধরা সম্ভব হবে।”

ইতিমধ্যে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে বলে তিনি জানান।