২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাস্টার প্ল্যান না মেনে চলছে চট্টগ্রামের উন্নয়ন

১৯৯৫ সালে প্রণীত মাস্টার প্ল্যান না মেনেই চলছে চট্টগ্রাম নগরীর উন্নয়ন কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের একটি বেসকারি উন্নয়ন সংস্থা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 11:58 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

এমনকি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অধীনে বাস্তবায়নাধীন একটি প্রকল্পও মাস্টার প্ল্যানে ছিল না।

শনিবার সন্ধ্যায় চট্টগ্রামে এক মুক্ত সংলাপে মূল প্রবন্ধে এ বক্তব্য তুলে ধরেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়ুয়া।

শিল্পকলা একাডেমির গ্যালারিতে ‘চট্টগ্রাম নগরের সড়ক যোগাযোগ ও যানবাহন ব্যবস্থাপনার সমস্যা ও সমাধান’ শীর্ষক মুক্ত সংলাপের আয়োজন করে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম।

মাস্টার প্ল্যান প্রণয়ন কমিটির সদস্য সুভাষ বড়ুয়া বলেন, ১৯৬১, ১৯৬৫ ও ১৯৯৫ সালে মাস্টার প্ল্যান প্রণয়ন হলেও তা বাস্তবায়নে কোনো শক্তিশালী প্ল্যানিং অথরিটি নেই।

‘‘এর অভাবে উন্নয়নের নামে যেসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে তাতে নগরীর একটি অনাবাসযোগ্য হয়ে পড়ছে।’’

সুভাষ বলেন, ১৯৯৫ সালের মাস্টার প্ল্যানে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানিং ইউনিট (এসটিপিউ) স্থাপন করে এর অধীনে নয়টি ধাপ বাস্তবায়নের কথা ছিল। পাশাপাশি প্রস্তাবিত জরুরি কর্ম পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন কৌশল তৈরির কাজও হয়নি।

“যে চারটি সড়ক উন্নয়ন প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের সুপারিশ করা হয় তারমধ্যে মাত্র দুটির আংশিক কাজ হয়েছে।”

নগরীতে নির্মিত বহদ্দারহাট ফ্লাইওভার এবং নির্মাণাধীন কদমতলি, দেওয়ানহাট ও মুরাদপুর ফ্লাইওভারের কোনোটিই মাস্টার প্ল্যানে ছিল না বলেও জানান তিনি।

এছাড়া শাহ আমানত সেতু থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত প্রস্তাবিত ১৮ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণের বিষয়টিও মাস্টার প্ল্যানে ছিল না বলে জানান তিনি।

নগরীর যোগাযোগ ব্যবস্থাপনার বিদ্যমান সমস্যা নিরসনে দ্রুত এসটিপিউ স্থাপন এবং উচ্চ পর্যায়ের ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন কমিটি গঠনসহ ১০ দফা প্রস্তাব উত্থাপন করেন প্রকৌশলী সুভাষ বড়ুয়া।

সংগঠনের সাবেক সভাপতি প্রয়াত ভৌতবিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলামকে উৎসর্গ করে আয়োজিত এ সংলাপে সভাপতিত্ব করেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সভাপতি অধ্যাপক সিকান্দর খান।

জামাল নজরুল ইসলাম স্মরণে স্মৃতিচারণ করেন তার সহধর্মিণী ড. সুরাইয়া ইসলাম ও কন্যা সাদাদ সাজ সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিক হায়দার চৌধুরী।

প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদারের সঞ্চালনায় প্রবন্ধ বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, ফোরামের নির্বাহী সদস্য প্রকৌশলী আলী আশরাফ, অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া ও মুহাম্মদ জাহাঙ্গীর।