২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে হামলায় নিহতদের ২ জন বাংলাদেশি

আফগানিস্তানের কাবুলে হোটেল সেরেনায় তালেবানের হামলায় নিহতদের মধ্যে দুইজন বাংলাদেশি রয়েছেন বলে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 10:26 AM

Updated : 01 Sep 2026, 12:39 PM

বৃহস্পতিবার ওই হামলায় মোট নয় জন নিহত হয়।

অবশ্য বার্তা সংস্থা রয়টার্স কাবুলে মার্কিন দূতাবাসের বরাত দিয়ে জানিয়েছে, ওই হামলায় নিহতদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন।

দুই জনের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন।

তার নাম ড. ওয়াসিম জামান, যিনি মালয়েশিয়ান একটি সংস্থার পক্ষে আফগানিস্তান পুনর্গঠনের কাজে নেতৃত্ব দিচ্ছিলেন।

গোপালগঞ্জ জেলার সন্তান এবং অবিভক্ত পাকিস্তানের বাণিজ্য এবং শিল্পমন্ত্রী ওয়াহিদুজ্জামানের ছেলে ড. ওয়াসিম জামান জাতিসংঘে ইউএনএফপিএ’র দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক এবং ইন্টারন্যাশনাল কাউন্সিল অন ম্যানেজমেন্ট অব পপুলেশন প্রোগ্রামের নির্বাহী পরিচালক হিসেবে দীর্ঘদিন চাকরির পর দু’বছর আগে অবসরে যান।

পরে মালয়েশিয়ান একটি সংস্থার প্রধান হিসেবে যোগ দেন।

নিউ ইয়র্কে ড. ওয়াসিমের মেয়ে ফারিহা জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবা সারা জীবন মানবকল্যাণেই নিয়োজিত ছিলেন এবং তেমন একটি প্রকল্পের দায়িত্ব পালনকালেই দুর্বৃত্তের হামলার শিকার হলেন।”

ওয়াসিম জামানের (৬৫) আরো দুই মেয়ে থাকেন ক্যালিফোর্নিয়া এবং বস্টনে। তার স্ত্রী থাকেন কুয়ালালামপুর।