স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি
স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে মুন্সীগঞ্জের একটি আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. আতোয়ার রহমান বৃহস্পতিবার এ রায় দেন।
রায়ে দণ্ডিত হুমায়ুন কবির রাজুর (২৫) ফাঁসি ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
রায় ঘোষণার পর আসামি ও তার স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট আব্দুল মতিন জানান, বিয়ের মাত্র ১০ মাস পর গজারিয়া উপজেলার লক্ষীপুরা গ্রামের স্বামীর বাড়িতে খুন হন গৃহবধূ শাহিনুর বেগম।
মামলার বরাত দিয়ে তিনি বলেন, যৌতুকের দাবিতে স্বামী রাজু ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি লোহার সাবল ও দা দিয়ে কুপিয়ে হত্যা করে শাহিনুরকে।
পরদিন শাহিনুরের ভাই সানাউল্লাহ বাদী হয়ে গজারিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
গজরিয়ার লক্ষীপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে কৃষক হুমায়ুন কবির রাজুর সঙ্গে একই উপজেলার বাঘাইয়াকান্দি কালু মিয়া প্রধানের মেয়ে শাহিনুর বেগমের বিয়ে হয়েছিল।
