অনির্দিষ্টকালের ধর্মঘটে রাজশাহীর পরিবহন শ্রমিকরা
রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ট্রাক চালকের সাজার প্রতিবাদে এবং তাদের মুক্তি দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা।
গত ১১ মার্চ রাজশাহী মহানগরীর সিমলা ও পবার সোনাইকান্দি এলাকার দুই বালুমহলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালুমহলের দুই ম্যানেজার ছাড়াও মোহাম্মদ সেলিম, মতিউর রহমান, আবদুল বারী, তৌহিদুল ইসলাম ও বেলাল হোসেন নামে পাঁচ ট্রাক চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত।
এ ঘটনার প্রতিবাদে এবং বুধবার সন্ধ্যায় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন ও জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন যৌথভাবে ধর্মঘট ডাকে।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি বলেন, “আটক পাঁচ ট্রাক চালকের মুক্তি না হওয়া পর্যন্ত আমরা ধর্মঘট চালিয়ে যাব।”
বেলা ১১টা পর্যন্ত সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি বলেও জানান তিনি।
রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন বলেন, পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের প্রক্রিয়া চলছে।
