পাবনায় শিশুকে কুপিয়ে হত্যা
পাবনার বেড়া উপজেলার আমিনপুরে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সন্ধ্যায় গ্রামের একটি গমক্ষেত থেকে শিশু রামিন রহমান খানের (৯) লাশ উদ্ধার করে পুলিশ।
এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে হিতু কাজী (২৭) নামের একজনকে আটক করা হয়েছে।
রামিন আমিনপুরের পাশে বোয়ালিয়া গ্রামের হাবিবুর রহমান খানের ছেলে। সে বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করত।
আমিনপুর থানার ওসি এসএম ফারুক জানান, সকালে স্কুলে যায় রামিন। বিকালে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে।
সন্ধ্যা ৭টার দিকে গ্রামের লোকজন একটি গম ক্ষেতে তার ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
থানায় খবর দিতে গিয়ে অসংলগ্ন কথাবার্তা বলায় হিতু কাজীকে আটক করেছে পুলিশ। হিতু ওই গ্রামের কাজী আসাদের ছেলে।
তাৎক্ষণিকভাবে রামিন হত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি ওসি।
