২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য-প্রযুক্তির রোড শোতে অংশ নিতে নরওয়ে গেলেন জয়

তথ্য-প্রযুক্তি শিল্পবিষয়ক রোড শোতে অংশ নিতে নরওয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 10:19 AM

Updated : 01 Sep 2026, 12:38 PM

এর আগে সাড়ে ৬টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জয়। এ সময় তিনি তথ্য-প্রযুক্তিতে বাংলাদেশের অগ্রগতির নানা দিক তুলে ধরেন।

পাশাপাশি বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য তরুণদের অংশগ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

জয় বলেন, “তরুণরা মন্ত্রী হচ্ছেন, সাংসদ হচ্ছেন, উদ্যোক্তা হচ্ছেন। তরুণদের ঢেউ আসছে, তরুণরাই এদেশকে এগিয়ে নিয়ে যাবে।”

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসানও প্রধানমন্ত্রী তনয়ের সঙ্গে নরওয়ে যাচ্ছেন।

শামীম আহসান জানান, নরওয়ে, জার্মানি ও ডেনমার্কে দুদিনের রোড শোত অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার থেকে।

এছাড়া অসলোতে একটি সেমিনারে বাংলাদেশের আইসিটি পণ্য ও শিল্পের ওপর একটি উপস্থাপনা দেবেন সজীব ওয়াজেদ। সেখানে ৩০০ আইটি খাতের বিনিয়োগকারী থাকবেন এবং বেসিসেরও একটি প্রতিনিধিদল থাকবে।

রোড শোয়ের ফলে দেশের আইটি খাত উপকৃত হবে- এমন আশাবাদ ব্যক্ত করে জয় বলেন, “দেশের আইসিটি ইন্ডাস্ট্রিকে প্রমোট করার জন্য এবং আইসিটি বাণিজ্য বাড়ানোর জন্য রোড শোর উদ্যোগ নেয়া হয়েছে।”

“আমাদের টার্গেট ছিল আইটি হবে মেইন এক্সপোর্ট প্রোডাক্ট। গত পাঁচ বছরে আমরা প্রায় দশগুণ রপ্তানি বাড়িয়ে ২০০ মিলিয়ন ডলার করেছি। আগামী পাঁচ বছরে এটা পাঁচ গুণ বাড়লেও এক বিলিয়ন হয়ে যাবে।”

পাঁচ বছর আগে ক্ষমতা নেয়ার পরপরই তথ্য প্রযুক্তি খাতকে গুরুত্ব দেয় আওয়ামী লীগ, যার নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র প্রবাসী তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ জয়।

সে সময় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসাবে সরকারের তথ্য-প্রযুক্তিবিষয়ক বিভিন্ন কাজে যুক্ত হন তিনি।

এর আগে মঙ্গলবার মঙ্গলবার রূপসী বাংলা হোটেলে এক মতবিনিময় সভায় সরকারের তথ্য-প্রযুক্তি নিয়ে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন জয়।

জয়কে বিদায় দিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ও প্রধানমন্ত্রী উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন।