নানা আয়োজনে যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত
আলোচনা, চিত্রাঙ্কণ, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী।
স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওয়াশিংটনসহ বিভিন্ন স্থানে বসবাসকারী বাংলাদেশিরা বঙ্গবন্ধুর জন্মদিন পালনের পাশাপাশি পালন করেন জাতীয় শিশু দিবসও।
দিনটি উপলক্ষে বিকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংলগ্ন বাংলাদেশ মিশনের ‘বঙ্গবন্ধু মিলনায়তনে’ এক অনুষ্ঠানের আয়োজন করে জাতিসংঘে বাংলাদেশ মিশন। এ অনুষ্ঠানে বাংলাদেশের শুভাকাঙ্খি মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুল্টস্ এবং আর্নল্ড জেইটলিনকে সম্মাননা দেয়া হয়। এছাড়া চিত্রাঙ্কণ, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠান হয় ‘বঙ্গবন্ধু মিলনায়তনে’। এ কর্মসূচিতেও ছিল শিশুদের চিত্রাংঙ্কণ ও রচনা লেখা প্রতিযোগিতা, আলোচনা অনুষ্ঠান এবং প্রার্থনা ।
ওয়াশিংটনে আলোচনা অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর একটি প্রামান্যচিত্র দেখানো হয়। এরপর দূতাবাসের উপ-প্রধান আবদুল মুহিত তার স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু করেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অনুষ্ঠান হয় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে। সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সেক্রেটারী সাজ্জাদুর রহমান সাজ্জাদের নেতৃত্বে এসময় একটি কেক কাটা হয়। একই জায়গায় রোববার দিবাগত রাত ১২টায় যুক্তরাষ্ট্র যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
সোমবার নিউইয়র্কের মহানগর আওয়ামী লীগও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ব্রুকলিনে গ্রিনপার্টি সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করে। সে অনুষ্ঠানেও একটি কেক কাটা হয়।
