২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশম সংসদে প্রথম বিল উত্থাপন

সর্বোচ্চ আদালতের বিচারকদের বেতনের সঙ্গে ৫০ শতাংশ ভাতা দিতে আইন সংশোধনের প্রস্তাব উঠেছে সংসদে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 08:18 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

মঙ্গলবার উত্থাপিত এই প্রস্তাবই দশম সংসদের প্রথম বিল, যা উপস্থাপন করেন প্রথমবার সংসদে এসে আইনমন্ত্রীর দায়িত্ব পাওয়া আনিসুল হক।

‘সুপ্রিম কোর্ট জাজেস (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৪’ মন্ত্রী উত্থাপনের পর তা সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে এই বিলটি পরীক্ষা করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে।

বিলটি পাস হলে সুপ্রিম কোর্টের বিচারকরা তাদের মূল বেতনের ৫০ শতাংশ হারে বিশেষ ভাতা পাবেন।

সর্বোচ্চ আদালতের বিচারকরা আগে ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী বেতন-ভাতা পেতেন। ২০১০ সালে আইনটি এক দফা সংশোধন করা হয়।

গত ২০ জানুয়ারি মন্ত্রিসভার অনুমোদনের প্রায় দুই মাস পর বিলটি সংসদে এল।

৫ জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে গঠিত দশম সংসদ গত ২৭ জানুয়ারি যাত্রা শুরু করে। যাত্রা শুরুর পর এই প্রথম কোনো আইন প্রণয়ন করতে যাচ্ছে বর্তমান আইনসভা।