সাব্বির হত্যায় মামলা, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে
নারায়ণগঞ্জ শহরে বন্ধুদের সঙ্গে খেলার সময় ঝগড়ার কারণে সাব্বিরকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
সাব্বির হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক চার জনকে জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে সাব্বির হত্যার ঘটনায় নিহতের বাবা মোবারক আলী বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সোমবার মামলা দায়ের করেছেন।
সাব্বিরের বাবা মোবারক আলী সাংবাদিকদের জানান, গত শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যায় শহরের গোপচর এলাকার বাসা থেকে বের হয়ে বন্ধুদের সঙ্গে মেলা দেখতে যায় গোপচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র সাব্বির (১১)।
সেখানে খেলা করার সময় তার সঙ্গে থাকা ছেলেরা সাব্বিরের জুতা নদীতে ফেলে দিলে তাদের মধ্যে ঝগড়া হয়। ওই সময় তিনি তাদের ধমক দিলে তারা দৌড়ে চলে যায়।
এরপর থেকে সাব্বির নিখোঁজ থাকে।
অনেক খোঁজাখুঁজিরও পরও না পেয়ে তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রোববার রাতে শহরের গোপচর মর্সিনাবন্ধ এলাকায় শীতলক্ষ্যা নদীর শাখা খালে হাত-পা বাঁধা অবস্থায় সাব্বিরের লাশ পাওয়া যায়। পরে তিনি ছেলের লাশ সনাক্ত করেন।
তার দাবি, সাব্বিরের সঙ্গে তার বন্ধুদের ঝগড়া হয়েছিল। ওই ঝগড়ার জের ধরে তার বন্ধুরাই হয়তো তাকে হত্যা করে থাকতে পারে।
নিহতের মামা মো. শাহীন জানান, সাব্বিরের বাবা মোবারক পেশায় জেলে। মা জর্ডান প্রবাসী।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম জানান, জুতা নিয়ে বন্ধুদের সঙ্গে ঝগড়ার জের ধরেই সাব্বিরকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটক চার জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
এই নিয়ে গত এক বছরে নারায়ণগঞ্জে ১৪ স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করল পুলিশ।
