পাহাড়ে স্বপ্ন দেখাচ্ছে অনলাইন স্কুল
‘নুনাউ মিপা রাংঙ্গা ডাক্তার ইঞ্জিনিয়ার কা শিয়াম অক’- বম ভাষায় এর অর্থ ‘আমার ছেলে-মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাব’।
নিজে স্কুলে যেতে না পারলেও পাহাড়ি বম সম্প্রদায়ের নারী জিরমং সইময় তার চার বছরের শিশু ফন্ডুয়াত মইরকে নিয়ে এমন স্বপ্নই দেখেন।
দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোনের সহযোগিতায় রোববার বান্দরবানের কানারপাড়ায় আনুষ্ঠানিকভাবে চালু হলো বেসরকারি উন্নয়ন সংগঠন ‘জাগো ফাউন্ডেশন’ এর ‘বান্দরবান অনলাইন স্কুল’। আর এই স্কুল ঘিরেই জিরমংয়ের মতো স্বপ্ন দেখতে শুরু করেছেন স্থানীয় অনেক অভিভাবক।
আরেক মা মাধবী তঞ্চঙ্গা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছেলে সুপন করকে (৬) তিনি ‘বড় সাহেব’ বানাতে চান। তাই কষ্ট হলেও নিয়মিত ছেলেকে স্কুলে নিয়ে আসতে চান।
এই স্কুলে কম্পিউটারের বড় মনিটরের মাধ্যমে ইন্টারনেটে সরাসরি শিশুদের শিক্ষা দেয়া হবে। ঢাকার জাগো ফাউন্ডেশন অফিস থেকে শিক্ষকরা ক্লাস নেবেন।
অনলাইন স্কুলের সহযোগী শিক্ষক সুখানন্দা তঞ্চঙ্গা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় ৪০টি শিশু এ স্কুলে পড়ালেখা করছে। তাদের বেশিরভাগই তঞ্চঙ্গা ও বম জনগোষ্ঠীর। এর বাইরে কয়েকজন মারমা ও বাঙালি শিক্ষার্থীও রয়েছে।
সুখানন্দা বলেন, শিক্ষার্থীদের বেশিরভাগের বয়সই ৪ থেকে ৬ এর মধ্যে। তারা সবাই বিনা বেতনে এ স্কুলে পড়ার সুযোগ পাচ্ছে।
অনলাইনে শিক্ষকরা শিশুদের পড়ানোর সময় তা বুঝতে সহায়তা করেন সুখানন্দা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের পরই এ স্কুলে যোগ দেন তিনি।
প্রাথমিকভাবে ‘প্লে গ্রুপ’ থেকে শিক্ষা কার্যক্রম চালু হয়েছে এ স্কুলে। গান, কার্টুন, ও বিনোদনের মাধ্যমে শিশুদের এই ‘ক্লাস’ চলে সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত।
অভিভাবকরা জানান, তাদের ছেলেমেয়েদের কানাপাড়া, দাতভাঙ্গা ও দুদুঝিড়ি এলাকার স্কুলে দিলে কমপক্ষে দুই মাইল দূরে যেত হতো, অনেকের পক্ষেই যা সম্ভব হতো না।
গত সেপ্টেম্বরে এই অনলাইন স্কুল চালু হলেও রোববার হয় আনুষ্ঠানিক উদ্বোধন। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান অগ্নি সিস্টেম লিমিটেডও এ প্রকল্পে সহযোগিতা দিচ্ছে।
জেলা প্রশাসক এ কে এম তরিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, বিটিআরসি পরিচালক (স্পেকট্রাম) মোহাম্মদ সাজ্জাদ হোসেন, গ্রামীণ ফোনের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স মাহমুদ হোসেন, হেড অব কর্পোরেট কমিউনিকেশনস তাহমিদ আজিজুল হকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
