গাজীপুরে বিদ্যুত চুরি, গ্রাহক দণ্ডিত
বিদ্যুত চুরির অভিযোগে গাজীপুরে পল্লী বিদ্যুতের আট গ্রাহককে প্রায় ১২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোরবার নগরীর খাইলকুর, কুনিয়া, ও কলেমশ্বর এলাকায় গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীন ও গাজীপুর পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম (কারিগরি) খালেদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
খালেদুল ইসলাম জানিয়েছেন, সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতে মিটার টেম্পারিং করে বিদ্যুত চুরির দায়ে খাইলকুর এলাকার মঈন উদ্দিনকে এক লাখ এক হাজার ৭৮৫ টাকা, কুনিয়া এলাকার সাইফুল ইসলামকে ৯৬ হাজার ৭০৫ টাকা, একই এলাকার বাচ্চু মিয়াকে এক লাখ ৭২ হাজার ৯১০ টাকা ও কলমেশ্বরের সাখাওয়াত হোসেনকে এক লাখ ৮৪ হাজার ৭১ টাকা, আবুল হোসেনকে এক লাখ ২২ হাজার ১০৭ টাকা এবং মানিক মিয়াকে ৩০ হাজার ৮২২ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া কলমেশ্বর এলাকার বাদশা মিয়াকে এক লাখ ৩২ হাজার ২৬৮ টাকা, কুনিয়া এলাকার মোতালিব মিয়াকে তিন লাখ ৭৬ হাজার ১২৩ টাকা জরিমানা করা হয়।
জরিমানার টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় তাদের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
অভিযুক্তদের নামে বিদ্যুৎ আইনে ৮টি মামলাও হয়েছে বলে জানিয়েছেন খালেদুল।
