ঢাকা-বাগদাদ সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব
ঢাকা থেকে বাগদাদে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব দিয়েছে ইরাক।
রোববার সচিবালয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে দেখা করে এই প্রস্তাব দেন ইরাকের রাষ্ট্রদূত সাকির কাশেম মাহদী আল কাফফাল।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেছেন বিমানমন্ত্রী।
রাষ্ট্রদূত বলেন, বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মীর বিমান পরিবহন সাশ্রয়ী করতে ইরাকি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু করা প্রয়োজনীয়।
১৯৮৮ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব বলেও জানান রাষ্ট্রদূত।
ইরাক পুনর্গঠনে বাংলাদেশ থেকে অধিক পরিমাণে জনশক্তি নিতে রাষ্ট্রদূতের হস্তক্ষেপ চান মেনন।
এবিষয়ে রাষ্ট্রদূত জানান, জনশক্তিসহ অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের জন্য ইরাকের দরজা খোলা রয়েছে।
