২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোনো বাধাই দেশকে দাবাতে পারবে না: প্রধানমন্ত্রী

অর্থনৈতিক মুক্তি অর্জনের পথে কোনো প্রতিবন্ধকতাই বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 07:43 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

শনিবার রাজধানীতে ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণের বিষয়ে এক সেমিনারের বক্তব্যে একথা বলেন তিনি।

বঙ্গবন্ধুকন্যা বলেন, “জাতির পিতা বলেছিলেন, ‘দাবায়ে রাখতে পারবা না’। আসলেই কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না। আমাদের এগিয়ে যেতে হবে অর্থনৈতিক মুক্তি অর্জনে।”৭ মার্চের ভাষণকে ২৩ বছরের আন্দোলনের পরিণতি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “পূর্ব পাকিস্তান উচ্চারণ করেন নাই তিনি (বঙ্গবন্ধু)। পূর্ব পাকিস্তান বলে কোনো ভূখণ্ড থাকবে না- তা পরিস্কার করে দিয়েছিলেন।”

মণিপুরী পাড়ায় কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে ‘৭ই মার্চের ভাষণ: বিশ্ব ইতিহাসে স্বাধীনতার শ্রেষ্ঠ ভাষণ’ শীর্ষক এই সেমিনার হয়।

বঙ্গবন্ধুর ওই ভাষণের পর থেকেই বাংলাদেশ স্বাধীন বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “জাতির জনক বলেছিলেন, খাজনা পশ্চিম পাকিস্তানে যাবে না। টেলিফোন, টেলিগ্রাফ যাবে না। তিনি অসহযোগের ডাক দিয়েছিলেন। তিনি যে নির্দেশ দিয়েছিলেন, মানুষ তা অক্ষরে অক্ষরে পালন করে।

“আসলে ১৮/১৯ তারিখ থেকেই যুদ্ধ শুরু হয়ে যায়, জয়দেবপুরে”, যোগ করেন প্রধানমন্ত্রী।‘বাংলার মানুষকে দাবায় রাখতে পারবা না’- বঙ্গবন্ধুর ভাষণের এই লাইনটি উদ্ধৃত করে শেখ হাসিনা বলেন, “উনি গ্রামের মানুষের, সাধারণ মানুষের ভাষা ব্যবহার করতেন, আটপৌরে ভাষা। সেজন্য তিনি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন।”বাংলাদেশের স্বাধীনতার লক্ষ্যে বঙ্গবন্ধুর সুচিন্তিত পদক্ষেপের কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, “তিনি প্রতিটি পদক্ষেপ নিয়েছিলেন চিন্তা করে।“তিনি বাঙালির বঞ্চনার ইতিহাসের কথা বলেছেন। আগামী দিনের গেরিলা যুদ্ধের দিক নির্দেশনাও দিয়ে গেছেন।

“তিনি চান নাই, বিচ্ছিন্নতাবাদী হিসাবে চিহ্নিত হতে। তিনি জানতেন, বিচ্ছিন্নতাবাদী হিসবে চিহ্নিত হলে আর আন্তর্জাতিক সমর্থন পাওয়া যাবে না।”তিনি বলেন, ২৫ মার্চে আক্রান্ত হওযঅর পরই বঙ্গবন্ধু স্বাধীনার ঘোষণা দেন।নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি পৌঁছে দিতে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “এই ভাষণ নতুন প্রেরণা জোগায়। মর্মে মর্মে উপলব্ধি সৃষ্টি করে যে, কাজ করতে হবে।”১৯৭১ সালের ৭ মার্চের ভাষণের আগে বঙ্গবন্ধুর প্রস্তুতির ঘটনার স্মৃতিচারণ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, “অনেকে লেখা দিয়ে যাচ্ছেন। অনেকে পরামর্শ। কেউ পরামর্শ দিয়ে যাচ্ছেন। পরামর্শের অন্ত নেই।”

ভাষণের ঠিক আগের ঘন্টার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “দুপুরের খাওয়ার পর আমার মা আব্বাকে বললেন, ‘তুমি অন্তত ১০টা মিনিট বিশ্রাম নিয়ে যাও। আমি আব্বার বালিশের পাশে বসে মাথায় হাত হাত বুলিয়ে দিতাম। সেদিনও আব্বার মাথায় হাত বুলিয়ে দিলাম। আম্মা মোড়া নিয়ে পাশে বসলেন।

“আম্মা আব্বাকে বললেন, ‘অনেকে অনেক কথা বলবে। তোমার সামনে মানুষ বাশেঁর লাঠি নিয়ে, পেছনে অস্ত্রধারী। এই মানুষের দায়িত্ব তোমার। তোমার মনে যা আসবে, তাই বলবে। কারো কথায় কান দেবে না’।”শেখ হাসিনা তৎকালীন ঐতিহাসিক রেসকোর্স ময়দানের স্মৃতিচারণ করে বলেন, “আমরা মঞ্চের পাশে ছিলাম। ভাষণ শেষ হতে দেখলাম, মানুষ উজ্জীবিত। তারা যা পাওয়ার পেয়ে গেছে। এইভাবে আমি মানুষকে ফিরে যেতে দেখেছি।”সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমাদের দায়িত্ব অনেক। স্বাধীনতার শত্রুরা সক্রিয়। মাত্র সাড়ে তিন বছরের মধ্যে জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়।“দশ বছরের শিশু রাসেল- সেও রক্ষা পায়নি। তারা চায়নি- কাউকে ধরে জাতি যেন উঠে দাড়াতে না পারে।”

শেখ হাসিনা বলেন, “৭৫-এর পর তো ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধই ছিল।”তিনি বলেন, “ক্ষমতায় থাকতে তারা মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করেছে। তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিল না। তারা পরাজিত শক্তির পদলেহনই করে গেছেন।”‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের’ সভাপতি শেখ হাসিনা সভাপতিত্বে এই সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন।আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ইস্টটিটিউট অফ লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজের পরিচালক অধ্যাপক শহিদুল ইসলাম।সেমিনারে স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান এবং ধন্যবাদ দেন প্রধান নির্বাহী কর্মকর্তা মাশুরা হোসেন।জাতীয় সংগীতের মাধ্যমে সেমিনার শুরুর পর ধর্মগ্রন্থগুলো থেকে পাঠ করা হয়। এরপর ৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষণের ভিডিও প্রদর্শন করা হয়।